আমিরাতে ড্রোন হামলায় নিহত বাংলাদেশির দাফন সম্পন্ন

মৌলভীবাজার, ৯ মার্চ – সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী সালেহ আহমদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার বিকেল ৫টায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পৌরসভার গাজিটেকা শাহী ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে দুপুর ১২টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিহতের মরদেহ গ্রহণ করেন শ্রম, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ তার পরিবারের সদস্যরা।
বিকেল ৩টার দিকে সালেহ আহমদের মরদেহ নিজ বাড়িতে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। তাকে শেষবারের মতো দেখতে ছুটে আসেন আত্মীয়স্বজন ও এলাকার বহু মানুষ। বিকেল ৫টায় অনুষ্ঠিত জানাজায় প্রবাসীকল্যাণ মন্ত্রীও অংশ নেন। সেখানে তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। সালেহ আহমদের পরিবারকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ আর্থিক ও সার্বিক সহায়তা প্রদান করা হবে। ইতোমধ্যে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে প্রাথমিক সাহায্য দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি আরব আমিরাতের আজমান প্রদেশে ইফতারের পর জরুরি খাদ্য সরবরাহের কাজে বেরিয়েছিলেন সালেহ আহমদ। ওই সময় সেখানে ড্রোন হামলা চলছিল। প্রত্যক্ষদর্শীদের মতে, আকাশে উজ্জ্বল আলোর ঝলকানির পরপরই বিকট বিস্ফোরণে এলাকা কেঁপে ওঠে। পরে গুরুতর আহত অবস্থায় সালেহ আহমদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এনএন/ ৯ মার্চ ২০২৬









