জাতীয়

রমজানের পরই দেশজুড়ে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ৯ মার্চ – রমজান মাসের পরপরই সারাদেশে সন্ত্রাস দমনে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার দুপুরে কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা জানান। তিনি বলেন হাদি হত্যা মামলার দুই আসামি ভারতে গ্রেফতার হয়েছে এবং দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী তাদের দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে মন্ত্রী জানান সব ঘটনাকে মব হিসেবে আখ্যায়িত করা ঠিক নয় তবে সরকার কোনোভাবেই এ ধরনের সহিংসতাকে প্রশ্রয় দিচ্ছে না। রমজানের পর শুরু হতে যাওয়া অভিযানে কোনো সন্ত্রাসী চাঁদাবাজ বা সংঘবদ্ধ অপরাধী আইনের বাইরে থাকবে না বলে তিনি আশ্বস্ত করেন। জনগণের স্বস্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই সরকারের মূল লক্ষ্য।

একই সঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতের সব অবৈধ স্থাপনা ও ঝুপড়ি দোকান উচ্ছেদের জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে সমুদ্র সৈকতকে শৃঙ্খলার মধ্যে আনতে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এই নির্দেশ দেওয়া হয়। মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি আরও জানান মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান জোরদারের পাশাপাশি দেশজুড়ে অনলাইন জুয়া বন্ধেও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

এস এম/ ৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language