জাতীয়

আরব আমিরাতে হামলায় নিহত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে

মধ্যপ্রাচ্য, ৯ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী সালেহ উদ্দিন ওরফে আহমেদ আলীর মরদেহ দেশে এসে পৌঁছেছে।

সোমবার সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে প্রথমে ঢাকায় এবং পরবর্তীতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার মরদেহ সিলেটে আনা হয়।

সকাল ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী নিহত ওই প্রবাসীর মরদেহ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। পরে সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে মন্ত্রী ব্যক্তিগত উদ্যোগে মরদেহটি মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অবস্থিত নিহতের নিজ বাড়িতে পৌঁছে দেন। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আহমেদ আলীর গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গাজিটেকা গ্রামে।

তিনি সংযুক্ত আরব আমিরাতে পানিবাহী গাড়ি চালানোর কাজ করতেন। গত ২৮ ফেব্রুয়ারি আরব আমিরাতের আজমান শহরে ইরানের একটি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তিনি প্রাণ হারান। নিহতের ছোট দুই ভাই জাকির হোসেন ও বোরহান আহমদও ওই একই শহরে বসবাস করেন।

তাদের মাধ্যমেই পরিবার প্রথম আহমেদ আলীর মৃত্যুর খবর জানতে পারে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণের সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মো. রেজাউন নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান এবং সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলমসহ প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকায় মরদেহ গ্রহণ থেকে শুরু করে মৌলভীবাজারের নিজ বাসভবনে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়ায় তারা সার্বিক সহযোগিতা প্রদান করেছে।

এম ম/ ৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language