সংঘাতপূর্ণ এলাকা থেকে প্রবাসীদের ফেরাতে সরকার প্রস্তুত: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

মৌলভীবাজার, ৮ মার্চ – শ্রম ও কর্মসংস্থান এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। পরিস্থিতি যদি আরও অবনতির দিকে যায় তবে প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
রোববার সন্ধ্যায় মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দানে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী উল্লেখ করেন যে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে কোথায় কী ঘটছে তা অনিশ্চিত হওয়ায় সংঘাতপূর্ণ অঞ্চলে অবস্থানরত বাংলাদেশিদের খোঁজখবর রাখা হচ্ছে। সেখানে অনেকেই কর্মসংস্থান হারিয়েছেন এবং বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম বন্ধ রয়েছে। তাদের অন্তত খাদ্য ও মৌলিক চাহিদা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে। পরিস্থিতি আরও খারাপ হলে তাদের ফিরিয়ে আনার পরিকল্পনা থাকলেও বর্তমানে বিমান চলাচলের রুট বন্ধ থাকায় তাৎক্ষণিকভাবে কাউকে দেশে আনা সম্ভব হচ্ছে না। তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে বা পরিস্থিতি স্বাভাবিক হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
আসন্ন ঈদের আগে শ্রমিকদের বেতন ও ভাতা পরিশোধ প্রসঙ্গে মন্ত্রী জানান, বিষয়টি তদারকির জন্য যুগ্ম সচিবদের নেতৃত্বে ছয়টি বিশেষ দল গঠন করা হয়েছে। এই দলগুলো বিভিন্ন শিল্পাঞ্চলে গিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে শ্রমিকদের বেতন ও বোনাসসহ যাবতীয় পাওনা নিশ্চিত করবে।
এর আগে বিকেলে সিলেট থেকে মৌলভীবাজারে পৌঁছে মন্ত্রী জেলা সার্কিট হাউজে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। পরে তিনি বাহারমর্দানে মরহুম এম সাইফুর রহমানের কবর জিয়ারত করেন। সফরকালে তিনি শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী শেখবাড়ি মাদরাসা পরিদর্শন করেন এবং বরুণার পীর শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান ও মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনএন/ ৮ মার্চ ২০২৬









