জাতীয়

এনআইডিতে যুক্ত হবে ডাক নাম, ভোটার হতে লাগবে এলাকার বিশিষ্ট ব্যক্তির সুপারিশ

ঢাকা, ৮ মার্চ – নির্বাচন কমিশন (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনে স্বচ্ছতা বাড়াতে এবং জালিয়াতি রোধে নতুন দুটি উদ্যোগ নিয়েছে। এগুলোর মধ্যে একটি হলো এনআইডিতে ব্যক্তির মূল নামের পাশাপাশি ‘ডাক নাম’ যুক্ত করার পরিকল্পনা। এর ফলে কোনো ব্যক্তি সহজে নিজের পরিচয় লুকাতে পারবে না এবং নাগরিক শনাক্তকরণ প্রক্রিয়া আরও নির্ভুল হবে।

দ্বিতীয় উদ্যোগে এনআইডি নিবন্ধনের জন্য আবেদনকারীর এলাকার কোনো সম্মানিত ব্যক্তির সুপারিশ বাধ্যতামূলক করার প্রস্তাব রয়েছে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেন, স্থানীয় বিশিষ্ট ব্যক্তির সুপারিশ থাকলে রোহিঙ্গাসহ বিদেশি নাগরিকের পক্ষে বাংলাদেশি ভোটার হওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়বে। স্থানীয় প্রতিনিধি বা পরিচিত ব্যক্তি যাচাই করবেন আবেদনকারী আসলে ওই এলাকার নাগরিক কি না।

বর্তমানে এনআইডিতে শুধুমাত্র নাগরিকের নাম এবং মা-বাবার নাম থাকে। ডাক নাম যুক্ত হলে তথ্য আরও সমৃদ্ধ হবে। এছাড়া সুপারিশের প্রক্রিয়া কার্যকর হলে মাঠ পর্যায়ে ভোটার তালিকা হালনাগাদ আরও স্বচ্ছ ও নির্ভুল হবে।

এনএন/ ৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language