জাতীয়

কূটনীতি ও পররাষ্ট্রনীতিতে নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ শামা ওবায়েদের

ঢাকা, ৭ মার্চ – বিদেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় ও শক্তিশালী করতে পররাষ্ট্রনীতি এবং কূটনৈতিক সেবায় নারীর অধিকতর সম্পৃক্ততা অপরিহার্য বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে শনিবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশের মিশনগুলোতে নারী কর্মকর্তাদের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে যা কূটনীতিতে নারীর প্রতিনিধিত্ব বাড়ার বিষয়টি প্রতিফলিত করে।

তবে এই অংশগ্রহণ আরও বাড়ানো প্রয়োজন যাতে তারা পররাষ্ট্রনীতি নির্ধারণে সরাসরি ভূমিকা রাখতে পারেন। তিনি উল্লেখ করেন নেতৃত্ব ও নীতিনির্ধারণী ভূমিকায় নারীদের আরও সুযোগ দেওয়া উচিত যাতে আন্তর্জাতিক আলোচনায় তাদের দৃষ্টিভঙ্গি সঠিকভাবে প্রতিফলিত হয়। নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন তৃণমূল পর্যায় থেকে নারীর অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে হবে। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নারী শিক্ষায় অবদানের কথা স্মরণ করেন এবং জানান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার নারীদের যোগ্যতা অনুযায়ী জাতীয় উন্নয়নে অবদানের সুযোগ নিশ্চিত করতে কাজ করছে।

এছাড়া নারীর প্রতি সহিংসতা ও অনলাইন হয়রানি রোধে সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দেন তিনি। রাজনৈতিক অংশগ্রহণ প্রসঙ্গে শামা ওবায়েদ অভিযোগ করেন অনেক দল নারীদের প্রচারণায় ব্যবহার করলেও প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় না। এ ক্ষেত্রে তিনি জামায়াতে ইসলামীর উদাহরণ টেনে বলেন বিএনপি নারী অংশগ্রহণের বিষয়ে নিজস্ব নীতি অনুসরণ করে। নারীদের যাতায়াত নিরাপদ করতে আলাদা বাস সার্ভিস চালুর মতো উদ্যোগের কথাও তিনি উল্লেখ করেন।

এস এম/ ৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language