ইরানে ইতিহাসের সবচেয়ে বড় বোমা হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের, জানালেন অর্থমন্ত্রী

ওয়াশিংটন, ৭ মার্চ – দিন যত গড়াচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ পরিস্থিতি ততই বিধ্বংসী রূপ ধারণ করছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে শুরু হওয়া এই সংঘাত অষ্টম দিনে গড়িয়েছে।
এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, শনিবার রাতে ইরানের ওপর এযাবৎকালের সবচেয়ে বড় বোমা হামলা চালাতে যাচ্ছে ওয়াশিংটন।
সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী এই পরিকল্পনার কথা জানান। শনিবার সংবাদমাধ্যমটির বরাতে আল-জাজিরার এক প্রতিবেদনেও এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বেসেন্ট উল্লেখ করেন, আসন্ন এই সামরিক অভিযানের মূল লক্ষ্য হলো ইরানের সামরিক মেরুদণ্ড সম্পূর্ণ ভেঙে দেওয়া।
তিনি স্পষ্ট করে বলেন, মার্কিন সেনারা ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদনের কারখানা এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা বা লঞ্চারগুলোকে সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তু করবে।
তার মতে, এই হামলার মাধ্যমে ইরানের সামরিক সক্ষমতা এমনভাবে গুঁড়িয়ে দেওয়া হবে, যা অতীতে কখনও দেখা যায়নি। শুধুমাত্র সামরিক সংঘাত নয়, ইরান বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার পায়তারা করছে বলেও অভিযোগ করেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী।
তিনি দাবি করেন, তেহরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণ কাজে লাগিয়ে বিশ্বব্যাপী অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
এনএন/ ৭ মার্চ ২০২৬









