তেল নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জ্বালানিমন্ত্রীর, বিপিসির নতুন নির্দেশনা

আসাদ গেট, ৬ মার্চ – ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উত্তেজনাপূর্ণ সম্পর্কের জেরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে দেশে জ্বালানি তেলের সরবরাহ ও মূল্য নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়েছে।
এর ফলে স্থানীয় বাজারে হঠাৎ করেই জ্বালানি তেলের চাহিদা বেড়ে গেছে। এমতাবস্থায় তেল নিয়ে অহেতুক আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শুক্রবার বিকেলে রাজধানীর আসাদ গেট এলাকায় একটি পেট্রল পাম্প পরিদর্শনকালে তিনি এই আহ্বান জানান।
মন্ত্রী বলেন যে কেউ যেন অতিরিক্ত তেল ক্রয় ও মজুদ না করেন কারণ অস্থির হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ ব্যবস্থাও স্বাভাবিক আছে। সরকার সার্বিক পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে।
তিনি চালকদের প্রতিও বাড়তি তেল মজুদ না করার নির্দেশ দেন। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বা বিপিসি জ্বালানি তেল বিক্রির দৈনিক পরিমাণ নির্ধারণ করে দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে মোটরসাইকেলে সর্বোচ্চ ২ লিটার এবং প্রাইভেট কারে সর্বোচ্চ ১০ লিটার তেল নেওয়া যাবে।
এছাড়া জিপ ও মাইক্রোবাসের জন্য সর্বোচ্চ ২৫ লিটার পেট্রল বা অকটেন এবং পিকআপ ও লোকাল বাসের জন্য ৮০ লিটার ও দূরপাল্লার পরিবহনের জন্য সর্বোচ্চ ২২০ লিটার ডিজেল ক্রয়ের সীমা নির্ধারণ করা হয়েছে।
এম ম/ ৬ মার্চ ২০২৬









