মধ্যপ্রাচ্য

দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি ও নতুন প্রজন্মের অস্ত্রের হুঁশিয়ারি ইরানের

তেহরান, ৬ মার্চ – ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং শীঘ্রই নতুন প্রজন্মের কৌশলগত অস্ত্র ব্যবহার করতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। সংস্থাটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েইনি জানিয়েছেন, শত্রুপক্ষের আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে তেহরান দীর্ঘ সময় ধরে সংঘাত চালিয়ে যেতে সক্ষম। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে শুক্রবার এই তথ্য উঠে এসেছে।

জেনারেল নায়েইনি উল্লেখ করেন, ট্রু প্রমিজ অভিযানের আওতায় এখন পর্যন্ত যেসব হামলা চালানো হয়েছে, তা ইরানের প্রকৃত সামরিক সক্ষমতার সামান্য অংশ মাত্র। তিনি সতর্ক করে বলেন, ইরানের ভাণ্ডারে থাকা নতুন উদ্যোগ ও অস্ত্র এখনো বড় পরিসরে ব্যবহার করা হয়নি। আসন্ন সামরিক অভিযানগুলোতে শত্রুপক্ষকে আরও কঠোর আঘাতের মুখোমুখি হতে হবে বলে তিনি মন্তব্য করেন।

আইআরজিসি মুখপাত্র আরও জানান, গত বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা ১২ দিনের যুদ্ধের তুলনায় ইরান বর্তমানে অনেক বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে। বর্তমান সংঘাতকে তিনি পবিত্র এবং বৈধ যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছেন। এই ঘোষণার পাশাপাশি ইরান ইসরায়েলের তেল আবিব লক্ষ্য করে খাইবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছে, যা অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যভেদে সক্ষম বলে দাবি করা হয়েছে।

এস এম/ ৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language