জাতীয়

গণতন্ত্র রক্ষায় শহীদের আকাঙ্ক্ষার স্বনির্ভর বাংলাদেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

ঢাকা, ৬ মার্চ – হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে দেশে গণতন্ত্রের ধারা ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সকল শহীদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে হলে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে সমৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে হবে। শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি পাটচাষিদের উন্নত প্রযুক্তির উচ্চ ফলনশীল চাষ পদ্ধতি অনুসরণের আহ্বান জানান। পাশাপাশি উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, বাজারের চাহিদা অনুযায়ী নিত্যনতুন আধুনিক ও ব্যবহার উপযোগী পাটপণ্য উদ্ভাবনে এগিয়ে আসতে হবে।

তিনি স্বল্পমূল্যে পাটের ব্যাগ তৈরি ও বিপণনের ওপর গুরুত্বারোপ করেন। সৃজনশীল তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, স্টার্টআপ ও উদ্ভাবনের মাধ্যমে মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডিং ও বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে যুক্ত হয়ে নতুন দিগন্ত উন্মোচন করতে হবে। ২০১৭ সাল থেকে প্রতিবছর ৬ মার্চ জাতীয়ভাবে পাট দিবস পালিত হয়ে আসছে। এবারের দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন। দিবসটি উপলক্ষে সরকারিভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি রাজধানীর শিল্পকলা একাডেমি চত্বরে ১৪ মার্চ পর্যন্ত ৯ দিনব্যাপী পাট ও বহুমুখী পাটপণ্যের মেলার আয়োজন করা হয়েছে। এর আগে দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম জানান, সোনালি আঁশের হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে সরকার সমন্বিত কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে। ফ্যাসিবাদী সরকারের সময় বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলো পুনরায় চালু করতে সরকার কাজ করছে এবং বিজেএমসির নিয়ন্ত্রণাধীন মিলগুলো দীর্ঘমেয়াদি ইজারায় বেসরকারি খাতে চালু রাখা হয়েছে।

কাঁচা পাটের বদলে প্রক্রিয়াজাত ও ফিনিশড পাটপণ্য রপ্তানিতে প্রণোদনা বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি। এছাড়া পাট খাতের উন্নয়নে অনলাইন লাইসেন্স প্রদান, পাট আইন সংশোধন এবং গোল্ডেন ফাইবার অব বাংলাদেশ নামে আন্তর্জাতিক ব্র্যান্ডিংয়ের কাজ চলছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

এসএএস/ ৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language