দক্ষিণ এশিয়া

খামেনির মৃত্যুতে ছয় দিন পর ভারতের আনুষ্ঠানিক শোক প্রকাশ

নয়াদিল্লি, ৫ মার্চ – আমেরিকা ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ছয় দিন পর আনুষ্ঠানিকভাবে শোক জানিয়েছে ভারত।

বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন যে সর্বোচ্চ নেতার মৃত্যুতে ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ইরান দূতাবাসে গিয়ে শোকবইয়ে স্বাক্ষর করেছেন। এই সময় ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রসচিবের সাক্ষাতের একটি ছবিও প্রকাশ করেন জয়সোয়াল।

এর আগে বৃহস্পতিবার দুপুরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে আলাপ করেন। জয়শঙ্কর নিজেই এক্স হ্যান্ডেলে এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করলেও আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

উল্লেখ্য গত শনিবার ভোরে এক হামলায় আয়াতুল্লাহ খামেনি নিহত হন। ইরান ও ভারতের মধ্যে দীর্ঘদিনের গভীর কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান থাকা সত্ত্বেও খামেনির মৃত্যুর পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া না জানানোয় বিষয়টি নিয়ে সমালোচনা তৈরি হয়েছিল।

ইরানে হামলা শুরুর পর মধ্যপ্রাচ্যের একাধিক রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বললেও ভারতের পক্ষ থেকে এই ঘটনার কোনো নিন্দা জানানো হয়নি।

এনএন/ ৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language