জিয়াউর রহমানের সমাধিতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

ঢাকা, ৫ মার্চ – ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। বৃহস্পতিবার দুপুরে তিনি রাজধানীর চন্দ্রিমা উদ্যানে অবস্থিত প্রয়াত রাষ্ট্রপতির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে সম্মান প্রদর্শন করেন।
নির্ধারিত সূচি অনুযায়ী, আজ বিকেলেই বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করবেন মার্কিন এই জ্যেষ্ঠ কর্মকর্তা। এরপর সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত একটি ইফতার মাহফিলে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার রাতেই সংক্ষিপ্ত সফর শেষে পল কাপুরের ঢাকা ত্যাগ করার কথা। এর আগে গত মঙ্গলবার তিনি ঢাকায় এসে পৌঁছান। এটি ঢাকায় তাঁর প্রথম সফর। বাংলাদেশে জাতীয় নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কোনো কর্মকর্তার এই সফরকে কূটনৈতিক মহলে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
এস এম/ ৫ মার্চ ২০২৬









