শরীয়তপুর

শরীয়তপুরে ফাঁকিবাজ চিকিৎসকের নিবন্ধন ৬ মাসের জন্য স্থগিতের নির্দেশ

শরীয়তপুর, ৫ মার্চ – সরকারি হাসপাতালে বায়োমেট্রিক হাজিরা দিয়ে কর্মস্থল ত্যাগ করে বেসরকারি ক্লিনিকে রোগী দেখার অভিযোগে শরীয়তপুর সদর হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্ত ওই চিকিৎসকের নাম ডা. রাজেশ মজুমদার। তিনি হাসপাতালের শিশু বিভাগের জুনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত। তার বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বা বিএমডিসি নিবন্ধন ছয় মাসের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করে বিএমডিসিকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে ডা. রাজেশ মজুমদার সরকারি দায়িত্ব পালন না করে নিয়মবহির্ভূতভাবে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখছিলেন। গত ৪ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিষয়টি সরাসরি সম্প্রচারিত হয়। ওই প্রতিবেদনে দেখা যায় তিনি নিজেকে অসুস্থ দাবি করেছিলেন, তবে পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখতে দেখা যায়।

মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয় এ ধরনের কর্মকাণ্ড সরকারি দায়িত্ব পালনে অবহেলার শামিল এবং এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এমতাবস্থায় ডা. রাজেশ মজুমদারের বিএমডিসি নিবন্ধন ছয় মাসের জন্য স্থগিত রাখার বিষয়ে ব্যবস্থা নিতে কাউন্সিলকে নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মুহাম্মদ আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত চিঠিটি ইতিমধ্যে বিএমডিসি রেজিস্ট্রারের কাছে পাঠানো হয়েছে।

এস এম/ ৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language