দূরপ্রাচ্য

নতুন যুদ্ধজাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

পিয়ংইয়ং , ৫ মার্চ – বিশ্বজুড়ে চলমান সামরিক উত্তেজনার মাঝেই এবার নতুন একটি ডেস্ট্রয়ার জাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন নিজে উপস্থিত থেকে এই মহড়া পর্যবেক্ষণ করেছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, নতুন এই ডেস্ট্রয়ার জাহাজটির নাম দেওয়া হয়েছে ‘চো হিওন’। ৫০০ টন ওজনের এই যুদ্ধজাহাজটি নির্মাণ করেছে উত্তর কোরিয়ার নৌবাহিনী। বুধবার দেশটির পশ্চিম উপকূলে অবস্থিত নাম্পো শিপইয়ার্ড থেকে জাহাজটি তার উদ্বোধনী যাত্রা শুরু করে এবং সেখান থেকেই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। যাত্রা শুরুর আগে এক সংক্ষিপ্ত ভাষণে কিম জং উন বলেন, ‘আমাদের নৌবাহিনী শীঘ্রই পানির নিচে এবং ওপর থেকে সমানতালে আঘাত হানার সক্ষমতা অর্জন করবে।

নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনাও ইতোমধ্যে অনেক দূর এগিয়েছে।’ তিনি আরও উল্লেখ করেন, নৌ-প্রতিরক্ষায় সাম্প্রতিক সাফল্য দেশটির সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে, যা গত ৫০ বছরেও অর্জিত হয়নি।

এসএএস/ ৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language