অনলাইনে ৪০ লাখের বেশি আয়কর রিটার্ন দাখিল, করযোগ্য সীমার নিচে ২২ লাখ

ঢাকা, ৪ মার্চ – ২০২৫-২৬ করবর্ষের জন্য অনলাইনে ৪০ লাখের বেশি করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন। এর মধ্যে ২২ লাখ ৮২৭ জন করদাতা নিজেদের আয় করযোগ্য সীমার নিচে দেখিয়েছেন।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত প্রায় ৫০ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সম্পন্ন করেছেন।
বুধবার (৪ মার্চ) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দাখিলকৃত ই-রিটার্নের মধ্যে পুরুষ করদাতার সংখ্যা ২৮ লাখ ৬৬ হাজার ৬১৮ জন এবং নারী করদাতা ১১ লাখ ৩৬ হাজার ৩ জন।
আয়ের উৎস বিশ্লেষণে দেখা যায়, বেতন খাতে আয় দেখিয়েছেন ১৬ লাখ ১০ হাজার ৭৫০ জন পুরুষ এবং ৪ লাখ ৭৮ হাজার ৫৬৬ জন নারী। এছাড়া বাড়ি ভাড়া খাতে আয় দেখিয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৭৫৪ জন পুরুষ এবং ৮৪ হাজার ৪৭৭ জন নারী করদাতা।
আয়ের সীমা অনুযায়ী, ৫ লাখ থেকে ১০ লাখ টাকার মধ্যে আয় দেখিয়েছেন ৫ লাখ ৩৪ হাজার ৯৫৪ জন পুরুষ এবং ১ লাখ ৯৩ হাজার ৮৩৭ জন নারী। ১০ লাখ থেকে ২০ লাখ টাকা আয়ের কথা জানিয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৯৮৩ জন পুরুষ এবং ৪৭ হাজার ৫৩২ জন নারী। এছাড়া ৪০ লাখ টাকার বেশি আয় দেখিয়েছেন ২৯ হাজার ৮০ জন পুরুষ এবং ৫ হাজার ১১৭ জন নারী করদাতা।
সম্পদের পরিমাণ অনুযায়ী সারচার্জ প্রদান করেছেন মোট ৫০ হাজার ৪২৮ জন করদাতা। এনবিআরের তথ্যমতে, গত বছরের আগস্ট থেকে চলতি বছরের ৪ মার্চ পর্যন্ত এই বিপুল সংখ্যক রিটার্ন জমা পড়েছে। গত বছর নির্ধারিত সময়ে ই-রিটার্ন দাখিল করেছিলেন প্রায় ১৪ লাখ করদাতা।
এ বছর বিশেষ আদেশের মাধ্যমে নির্দিষ্ট কিছু শ্রেণি ছাড়া সকল ব্যক্তি-শ্রেণির করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। এনবিআর আগামী ৩১ মার্চের মধ্যে সকল করদাতাকে রিটার্ন দাখিলের আহ্বান জানিয়েছে।
এনএন/ ৪ মার্চ ২০২৬









