মধ্যপ্রাচ্য

লেবাননে ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত ৬৫ হাজার, গভীর মানবিক সংকটের আশঙ্কা

বৈরুত, ৪ মার্চ – ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান তীব্র সংঘর্ষের জেরে লেবাননে মানবিক সংকট প্রকট আকার ধারণ করেছে। সংঘাতের কারণে এখন পর্যন্ত অন্তত ৬৫ হাজার বাস্তুচ্যুত মানুষ সরকারি শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণ করেছেন।

বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন লেবাননের সমাজকল্যাণমন্ত্রী হানীন সাঈদ।

তিনি জানান যে সাম্প্রতিক ইসরায়েলি হামলার মুখে পড়ে বিপুল সংখ্যক মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন এবং তারা ইতিমধ্যে মন্ত্রণালয়ের আশ্রয়কেন্দ্রে নিজেদের নাম নিবন্ধন করিয়েছেন। তবে নিবন্ধিত সংখ্যার বাইরে আরও ১০ থেকে ২০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে যারা আত্মীয়স্বজনের বাসা কিংবা খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন। হানীন সাঈদ বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক হিসেবে অভিহিত করেন।

তবে সংকটময় পরিস্থিতির মধ্যেও বাস্তুচ্যুত নাগরিকদের জন্য আশ্রয় ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে লেবানন সরকার কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন যে চলমান উত্তেজনার ফলে দেশটিতে মানবিক বিপর্যয় আরও গভীর হতে পারে। এছাড়া সাক্ষাৎকারে হানীন সাঈদ উল্লেখ করেন যে সরকার হিজবুল্লাহর সামরিক কার্যক্রমকে অবৈধ ঘোষণা করেছে এবং দীর্ঘমেয়াদে সমগ্র ভূখণ্ডে রাষ্ট্রের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করাই সরকারের মূল লক্ষ্য।

এম ম/ ৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language