মধ্যপ্রাচ্য

ইসরায়েলের অত্যাধুনিক হার্মিস ৯০০ ড্রোন অক্ষত অবস্থায় জব্দের দাবি ইরানের

তেহরান, ৪ মার্চ – ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছে যে তারা ইসরায়েলের একটি অত্যাধুনিক হার্মিস ৯০০ ড্রোন অক্ষত অবস্থায় জব্দ করতে সক্ষম হয়েছে। উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের মাধ্যমে ড্রোনটি নামানো হয় বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। আইআরজিসির দাবি অনুযায়ী কোনো ধরনের হামলা চালানোর আগেই ড্রোনটিকে গুলি করে মাটিতে নামানো সম্ভব হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে এক বিবৃতিতে আইআরজিসি নিশ্চিত করেছে যে ড্রোনটি সম্পূর্ণ সশস্ত্র অবস্থায় ছিল এবং বর্তমানে এটি তাদের বিমান বাহিনীর মহাকাশ ইউনিটের নিয়ন্ত্রণে রাখা হয়েছে। প্রযুক্তিগত বিশ্লেষণের জন্য জব্দকৃত ড্রোনটি এখন বিশেষজ্ঞ প্রকৌশলীদের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর এক প্রতিবেদনে বলা হয়েছে যে ইরানের ইসফাহান ও তাবরিজসহ বিভিন্ন প্রদেশে ছয়টি উন্নত হার্মিস ড্রোন ধ্বংস করা হয়েছে। সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ৩৫টি শত্রু ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবিও করা হয়েছে।

হার্মিস ৯০০ একটি অত্যন্ত শক্তিশালী ড্রোন যা নজরদারি ও হামলার কাজে ইসরায়েল ব্যাপকভাবে ব্যবহার করে থাকে। এটি টানা ৩০ ঘণ্টারও বেশি সময় আকাশে উড়তে সক্ষম। এতে রয়েছে ইলেকট্রো অপটিক্যাল ও ইনফ্রারেড ক্যামেরা যা দিন ও রাত উভয় সময়েই নজরদারি চালাতে পারে। এছাড়াও এতে সিনথেটিক অ্যাপারচার রাডার ও ইলেকট্রনিক গোয়েন্দা সরঞ্জাম যুক্ত রয়েছে যা মেঘ কিংবা ধোঁয়ার মধ্যেও ছবি সংগ্রহ করতে সক্ষম।

এস এম/ ৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language