জাতীয়

ঢাকা মেডিকেল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, দালাল দমনের হুঁশিয়ারি

ঢাকা, ৪ মার্চ – ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার সকাল ৯টার দিকে তিনি হাসপাতালটিতে উপস্থিত হয়ে বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ ঘুরে দেখেন। পরিদর্শনকালে বেশ কিছু অসঙ্গতি তার নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে হাসপাতাল পরিচালককে সমস্যাগুলো সমাধানের নির্দেশ দেন। মন্ত্রী এদিন হাসপাতালের পুরাতন ভবনের একাধিক ওয়ার্ড, জরুরি বিভাগের অপারেশন থিয়েটার এবং বার্ন ইউনিট পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমকর্মীদের জানান, এখানে রোগীর সংখ্যার তুলনায় পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। চিকিৎসকের পাশাপাশি নার্স ও অন্যান্য স্টাফের সংকটও রয়েছে। তিনি উল্লেখ করেন, আগে যেমন রোগীর বিছানায় তেলাপোকা দেখা যেত এখন সেই পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তবে রোগীরা অনেক প্রয়োজনীয় ওষুধ পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। অপারেশন থিয়েটারগুলোর মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, একটি বাদে বাকি সব অপারেশন থিয়েটারের অবস্থা উন্নত নয় এবং অ্যানেস্থেশিয়া চিকিৎসকের স্বল্পতাও প্রকট। এছাড়া হাসপাতালের বিছানার চাদরসহ বিভিন্ন কাপড় ধোয়ার মান অত্যন্ত নিম্নমানের বলে তিনি মন্তব্য করেন।

এ বিষয়ে তিনি পরিচালককে কঠোর পদক্ষেপ নিতে এবং প্রয়োজনে লন্ড্রি বিল কেটে রাখার নির্দেশ দিয়েছেন। তিনি জানান, সীমিত সম্পদের মধ্যেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর এবং সারা দেশের হাসপাতালগুলো নিয়ে বড় পরিকল্পনা রয়েছে। দালালদের বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী বলেন, আজ পরিদর্শনের সময় কোনো দালাল চোখে পড়েনি। হাসপাতালে কাউকে দালালি করতে দেওয়া হবে না এবং ট্রলি ভাড়ার নামে টাকা আদায়ও বন্ধ করা হবে। দালালদের কঠোর হস্তে দমন করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এস এম/ ৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language