হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ফজলুর রহমান বাবু

ঢাকা, ৪ মার্চ – হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘ দুই সপ্তাহের বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাসায় ফিরেছেন বরেণ্য অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু। মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে তিনি নিজ বাসভবনে ফেরেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হলে বাবুকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে গুলশানের আরেকটি হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ে। প্রখ্যাত কার্ডিয়াক সার্জন ডা. জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে গত ১৯ ফেব্রুয়ারি সফলভাবে তার হার্টে বাইপাস সার্জারি সম্পন্ন হয়। বর্তমানে বাসায় ফিরলেও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। আগের চেয়ে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা দীর্ঘ কর্মজীবনে ‘মনপুরা’, ‘অজ্ঞাতনামা’, ‘স্বপ্নজাল’, ‘হালদা’ এবং ‘ফাগুন হাওয়ায়’-এর মতো দর্শকনন্দিত চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৯১ সালে কাজী নজরুল ইসলামের ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাস অবলম্বনে নির্মিত নাটকের মাধ্যমে তার টিভিপর্দায় অভিষেক ঘটে। অসুস্থ হওয়ার আগ পর্যন্ত তিনি আসন্ন ঈদের নাটক ও টেলিছবির কাজে ব্যস্ত ছিলেন। সম্প্রতি ওপার বাংলায় সৌকর্য ঘোষাল পরিচালিত তার ‘ওসিডি’ সিনেমাটি মুক্তি পেয়েছে এবং দেশেও তার একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
এস এম/ ৪ মার্চ ২০২৬









