সর্বক্ষেত্রে নারীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের দাবি জামায়াতে ইসলামীর

ঢাকা, ৩ মার্চ – ঘরে ও বাইরে সর্বক্ষেত্রে নারীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। পবিত্র রমজান মাসে আত্মিক পরিশুদ্ধি অর্জনের পাশাপাশি সামাজিক জীবনে নৈতিকতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার শপথ নেওয়ারও আহ্বান জানান তিনি। মঙ্গলবার রাজধানীর লেডিস ক্লাবে বিভিন্ন পেশাজীবী ও সমাজের সর্বস্তরের নারীদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নূরুন্নিসা সিদ্দীকা বলেন, রমজান মাস আত্মসংযমের মাস। এই মাসের পবিত্রতা বজায় রেখে সামাজিক জীবনেও এর হক আদায়ের প্রচেষ্টা চালাতে হবে। এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, বিএনপির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিম আর্লি এবং ডাকসুর মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের রাজনৈতিক বিভাগীয় সেক্রেটারি ডাক্তার হাবিবা চৌধুরী সুইট, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হোসেনা পাশা এবং জাতীয় পর্যবেক্ষক কমিটির সদস্য রেহানা সালাম। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন নারী নির্যাতন প্রতিরোধে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। ডাক্তার হাবিবা চৌধুরী সুইট রমজান মাসে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের কথিত সহিংস আচরণের নিন্দা জানিয়ে বলেন, উপযুক্ত পরিবেশ পেলে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নারীদের আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
নারীর ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করে ফাতেমা তাসনিম জুমা নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবি জানান। অনুষ্ঠানে আলোচনার ফাঁকে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। সবশেষে মোনাজাত পরিচালনা করেন জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের শ্রমিক কল্যাণ বিভাগীয় সেক্রেটারি রোজিনা আক্তার।
এসএএস/ ৩ মার্চ ২০২৬









