ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলার অভিযোগ আইডিএফের, আহত ১২

তেল আবিব, ৩ মার্চ – ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় ক্লাস্টার বোমা বা গুচ্ছ বোমার সাব-মিউনিশন ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। আইডিএফ জানিয়েছে যে মঙ্গলবার ইসরায়েলের মধ্যাঞ্চলীয় একটি এলাকায় এই বিশেষ ধরনের বোমা ব্যবহার করা হয়েছে। এই ঘটনায় ওই এলাকায় এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তেল আবিবের জেলা কমান্ডার হাইম সারগারফ জানিয়েছেন দেশের মধ্যাঞ্চলের একাধিক স্থানে ক্লাস্টার বোমা হামলার খবর পাওয়া গেছে। হামলায় অনেকে আহত হওয়ার পাশাপাশি বেশ কিছু ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেছে।
এর আগে আইডিএফ জানিয়েছিল যে ইসরায়েলে ক্লাস্টার বোমা সমৃদ্ধ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। গত বছরের জুনের যুদ্ধেও ইরান একই ধরনের অস্ত্র ব্যবহার করেছিল বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী।
ক্লাস্টার বোমা বহনকারী ক্ষেপণাস্ত্র নিচে নামার সময় এর মূল অংশ বা ওয়ারহেড খুলে যায় এবং প্রায় ৮ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ২০টি ছোট ছোট বোমা ছড়িয়ে দেয়। প্রতিটি ক্ষুদ্র বোমায় প্রায় আড়াই কেজি বিস্ফোরক থাকে।
আইডিএফ জানিয়েছে যে ক্লাস্টার বোমা হামলার ঘটনা ঘটলেও বেসামরিক নাগরিকদের জন্য হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনায় আপাতত কোনো পরিবর্তন আনা হয়নি।
ইসরায়েলি চিকিৎসকদের তথ্যানুযায়ী ইরানের এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন সামান্য আহত হয়েছেন। বর্তমানে ইসরায়েলি তল্লাশি ও উদ্ধারকারী দল এবং জরুরি সেবা সংস্থার একাধিক ইউনিট ক্ষতিগ্রস্ত স্থানগুলোতে কাজ করছে এবং পরিস্থিতি খতিয়ে দেখছে।
এনএন/ ৩ মার্চ ২০২৬









