সৌদি আরবে মার্কিন দূতাবাসে জোড়া ড্রোন হামলা, সতর্কতা জারি

রিয়াদ, ৩ মার্চ – সৌদি আরবে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে দুটি ড্রোন হামলা চালানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ড্রোন হামলায় সীমিত পরিসরে অগ্নিকাণ্ড ঘটেছে এবং ভবনের সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।
হামলার পর সৌদি আরবের জেদ্দা, রিয়াদ এবং জাহরানে অবস্থানরত মার্কিন মিশনের কর্মীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা জারি করা হয়েছে। একইসঙ্গে ওই অঞ্চলে অবস্থিত যেকোনো সামরিক স্থাপনায় অপ্রয়োজনীয় ভ্রমণ সীমিত করার পরামর্শ দেওয়া হয়েছে। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় ইরানের পাল্টা হামলার পর মধ্যপ্রাচ্যে মার্কিন কনস্যুলেটগুলোতে হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা রিয়াদের কূটনৈতিক এলাকায় কালো ধোঁয়া উড়তে দেখেছেন। এ সময় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং এরপরই ঘন কালো ধোঁয়া দেখা যায়।
এস এম/ ৩ মার্চ ২০২৬









