ব্যবসা

স্বর্ণের দাম বাড়ল ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা, কার্যকর আজ থেকে

ঢাকা, ২ মার্চ – দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে, যেখানে প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪২৪ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর ফলে ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের ভরি এখন ২ লাখ ৭৪ হাজার টাকা ছাড়িয়ে গেছে।

সোমবার এক বিজ্ঞপ্তিতে বাজুস এই তথ্য জানিয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টা থেকেই নতুন এই মূল্য কার্যকর হয়েছে।

তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ার কারণে স্থানীয় বাজারে এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। নতুন নির্ধারিত মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ৭৪ হাজার ১৪ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬১ হাজার ৬৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ২৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৩ হাজার ৫৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের পাশাপাশি রুপার বাজারেও উর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার নতুন দাম ৭ হাজার ১৭৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৬৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা ধার্য করা হয়েছে।

আন্তর্জাতিক বাজারেও বর্তমানে স্বর্ণের দাম উর্ধ্বমুখী। সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ৩৫৩ ডলার স্পর্শ করেছে।

এর আগে গত ২৯ জানুয়ারি দেশের বাজারে স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ রেকর্ড গড়েছিল, যখন প্রতি ভরির দাম ২ লাখ ৮৬ হাজার টাকায় পৌঁছেছিল।

এনএন/ ২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language