পারস্য উপসাগরে মার্কিন রণতরীতে মিসাইল হামলার দাবি ইরানের

তেহরান, ১ মার্চ – পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতাকে হত্যার প্রতিশোধ হিসেবে এই পাল্টা আঘাত হানা হয়েছে বলে তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়।
রোববার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর পারস্য উপসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের ওই রণতরীতে আক্রমণ চালায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।
আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে যে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন লক্ষ্য করে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। বিবৃতিতে আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, জল এবং স্থল উভয় এলাকাই হবে সন্ত্রাসী আগ্রাসনকারীদের জন্য কবরস্থান।
তবে ইরানের এই ব্যালিস্টিক মিসাইল হামলার দাবি সরাসরি নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের পেন্টাগন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে যে আব্রাহাম লিঙ্কন আক্রান্ত হয়নি।
ওই বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলো রণতরীর কাছাকাছি পৌঁছাতেও ব্যর্থ হয়েছে।
এনএন/ ১ মার্চ ২০২৬









