মধ্যপ্রাচ্য

খামেনিকে হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা আইআরজিসির

তেহরান, ১ মার্চ – ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনায় কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি।

ইরানের সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

রোববার বাংলাদেশ সময় সকালে সরকারিভাবে তেহরান খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার পর আইআরজিসি একটি বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, আমরা একজন মহান নেতাকে হারিয়েছি এবং তার বিদায়ে আমরা গভীরভাবে শোকাহত। মানবতার সবচেয়ে নিষ্ঠুর সন্ত্রাসী ও জল্লাদদের হাতে আমাদের নেতার শাহাদাত বরণ প্রমাণ করে যে তার ব্যক্তিত্ব ও দেশপ্রেম শত্রুদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল।

বিবৃতিতে আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, যাদের হাতে সর্বোচ্চ নেতা নিহত হয়েছেন, এই জাতি তাদের কোনোভাবেই ছাড় দেবে না। ইরান অবশ্যই এর প্রতিশোধ নেবে এবং আইআরজিসি দেশি ও বিদেশি যেকোনো ষড়যন্ত্র নির্মূল করতে বদ্ধপরিকর।

গত শনিবার ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অভিযানের পর রাতেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান যে খামেনি নিহত হয়েছেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও খামেনির নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

আজ রোববার সকালে ইরান আনুষ্ঠানিকভাবে এই মৃত্যুর খবর স্বীকার করে নেয়। ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর তিনি এই পদে আসীন হন। দেশটির সামরিক, বিচার ও গোয়েন্দা বিভাগসহ সর্বক্ষেত্রে তার একচ্ছত্র প্রভাব বিদ্যমান ছিল।

এনএন/ ১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language