মশক নিধনে ডিএসসিসির জিরো টলারেন্স ঘোষণা, শুরু হচ্ছে বিশেষ ক্রাশ প্রোগ্রাম

নগর ভবন অডিটোরিয়াম, ২৮ ফেব্রুয়ারি – মশক নিধনে কঠোর অবস্থান বা জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম। শনিবার নগর ভবন অডিটোরিয়ামে স্বাস্থ্য বিভাগের মশক নিধন শাখার কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক জরুরি সভায় তিনি এই ঘোষণা প্রদান করেন।
সম্প্রতি ডিএসসিসি এলাকায় মশার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় প্রশাসকের নির্দেশে এই বিশেষ সভাটি আহ্বান করা হয়েছিল। সভায় মশক নিধনে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা নিশ্চিত করা এবং মাঠ পর্যায়ে সঠিক পদ্ধতি অনুসরণ ও কঠোর তদারকির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
মশক নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও গতিশীল করতে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার জন্য স্বাস্থ্য বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি এডিস মশার লার্ভা পাওয়া গেলে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্তও গ্রহণ করা হয় সভায়।
ডিএসসিসি প্রশাসক স্পষ্ট জানিয়ে দেন যে মশা নিয়ন্ত্রণে কোনো প্রকার অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না এবং এ বিষয়ে তাদের অবস্থান জিরো টলারেন্স। তিনি আরও জানান যে মশা নিয়ন্ত্রণ কার্যক্রম তিনি নিজেই সরেজমিনে পরিদর্শন করবেন এবং আগামীকাল থেকে ডিএসসিসির ১০টি অঞ্চলে পর্যায়ক্রমে ১০ দিনব্যাপী বিশেষ ক্রাশ প্রোগ্রাম শুরু হবে।
এই কর্মসূচিতে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণও নিশ্চিত করা হবে। সভায় মশক কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ এবং বর্তমান ওষুধের বিকল্প হিসেবে নতুন কার্যকর ওষুধের পরীক্ষামূলক ব্যবহারের বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়া সরকারি বা বেসরকারি যে কোনো স্থাপনায় মশার উৎপত্তিস্থল পাওয়া গেলে এবং বারবার সতর্ক করার পরও ব্যবস্থা না নিলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রশাসক।
উক্ত সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম ও কর্পোরেশন সচিব মোহাম্মদ নাছিম আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এম ম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬









