পাকিস্তান-আফগান যুদ্ধ কারও জন্য মঙ্গলজনক নয়: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি – জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
শুক্রবার রাতে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বিরাজমান যুদ্ধাবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
তিনি মন্তব্য করেন যে যুদ্ধ কারও জন্যই মঙ্গলজনক নয় এবং বাংলাদেশ বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে।
পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, দুই দেশের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশ তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কাজে লাগিয়ে নীরব যোগাযোগের মাধ্যমে পরিস্থিতি শান্ত রাখতে ভূমিকা রাখার চেষ্টা করছে। এ ধরনের সংঘাত কারও স্বার্থ রক্ষা করে না বলে বন্ধু রাষ্ট্রগুলোকে বোঝানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত এলাকায় বেশ কিছুদিন ধরে সংঘর্ষ চলার প্রেক্ষাপটে আফগানিস্তানের রাজধানী কাবুলসহ কয়েকটি শহরে পাকিস্তান বিমান হামলা চালিয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি দিয়েছেন যে, ইসলামাবাদের ধৈর্য শেষ হয়ে গেছে এবং দেশটি কার্যত যুদ্ধাবস্থায় যেতে পারে।
অন্যদিকে ওআইসি বৈঠকের ফলাফল সম্পর্কে ড. খলিলুর রহমান জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির পদের জন্য বাংলাদেশের প্রার্থীর প্রতি সমর্থন চাওয়া হয়েছে। ওআইসিভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা কেবল সমর্থনের আশ্বাসই দেননি, বরং বাংলাদেশের পক্ষে প্রচারণা চালানোর প্রতিশ্রুতিও দিয়েছেন। এই পদে বাংলাদেশ সাইপ্রাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।
তিনি আরও জানান, প্রায় ৪০ বছর পর বাংলাদেশ এই পদে নির্বাচিত হওয়ার সুযোগ পেয়েছে। এর আগে ১৯৮৬ সালে হুমায়ুন রশীদ চৌধুরী সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এছাড়া বৈঠকে ইসরায়েলের ভূমি ক্রয় সংক্রান্ত সাম্প্রতিক আইনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
এনএন/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬









