কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন আ. লীগের সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম

টাঙ্গাইল, ২৮ ফেব্রুয়ারি – টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ইন্তেকাল করেছেন।
শুক্রবার দিবাগত রাতে কলকাতার দমদমে অবস্থিত ফিনিক্স মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি গত এক সপ্তাহের বেশি সময় ধরে সেখানে চিকিৎসাধীন ছিলেন এবং মাল্টি অর্গান ফেলিওর ও হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তার পাশে স্ত্রী ও এক কন্যা উপস্থিত ছিলেন।
জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি দেশ ত্যাগ করে ভারতে অবস্থান করছিলেন এবং কলকাতার নিউটাউনে বসবাস করছিলেন। তার মরদেহ বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং সরকারের সবুজ সংকেত পেলে কলকাতা উপ-হাইকমিশন থেকে অনাপত্তি পত্র বা এনওসি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং ২০১৭ সাল থেকে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।
এনএন/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬









