জেলা আইন-শৃঙ্খলা কমিটি পুনর্গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের ‘জেলা আইন-শৃঙ্খলা কমিটি’ সংশোধনপূর্বক পুনর্গঠন করে নতুন একটি অফিস আদেশ জারি করেছে। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২ এর উপসচিব কে এম ইয়াসির আরাফাত স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা ম্যাজিস্ট্রেট এবং সদস্য-সচিব থাকবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। কমিটিতে সদস্য হিসেবে পুলিশ সুপার, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও জনপ্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে মোট ৩১ জন কর্মকর্তার তালিকা চূড়ান্ত করা হয়েছে। সীমান্তবর্তী বা উপকূলীয় জেলার ক্ষেত্রে বিজিবি বা কোস্ট গার্ড প্রতিনিধিরাও এতে যুক্ত থাকবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে উল্লেখ করা হয়েছে, জেলার সংসদ সদস্যরা এই কমিটির উপদেষ্টা হিসেবে থাকবেন। সভার কার্যবিবরণী নিয়মিত তাদের নিকট প্রেরণ করতে হবে এবং পৃথক নোটিশের মাধ্যমে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানাতে হবে। কমিটির মূল কাজ হবে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ দমনে পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়ন করা। খুন, ধর্ষণ, কিশোর গ্যাং ও মাদক নিয়ন্ত্রণের মতো বিষয়গুলোতে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিটিকে প্রতি মাসে অন্তত একবার সভা করতে হবে। স্থানীয় প্রয়োজনে জেলা ম্যাজিস্ট্রেট যেকোনো সরকারি কর্মকর্তাকে কো-অপ্ট সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবেন। এছাড়া, সভায় পুলিশ সুপারকে প্রয়োজনীয় তথ্য-উপাত্তসহ আবশ্যিকভাবে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এস এম/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬









