বিদায়ী গভর্নরের সংস্কার কাজ অব্যাহত রাখার ঘোষণা নতুন গভর্নরের

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – বাংলাদেশের ব্যাংকিং খাতকে চরম সংকটময় অবস্থা থেকে পুনরুদ্ধারে সদ্য বিদায়ী গভর্নর ড. আহসান এইচ মনসুরের ভূমিকার প্রশংসা করেছেন নবনিযুক্ত গভর্নর মোস্তাকুর রহমান।
খাদের কিনারা থেকে অর্থনীতিকে টেনে তুলতে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সংস্কারমূলক পদক্ষেপগুলোকে তিনি সাধুবাদ জানিয়েছেন এবং এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।
দেশে ১৪তম গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণের পর বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
মুখপাত্র জানান, দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই নতুন গভর্নর নির্বাহী পরিচালক ও ডেপুটি গভর্নরদের সঙ্গে বৈঠক করেছেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন। এর মধ্যে অন্যতম হলো রাজনৈতিক পটপরিবর্তনের পর গত দেড় বছরে যেসব শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে, সেগুলো পুনরায় চালুর ব্যাপারে নীতিগত সহায়তা ও প্রয়োজনীয় প্রণোদনা প্রদান।
গভর্নর মনে করেন, এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হবে। এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পণ্যমূল্য স্থিতিশীল রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। একই সঙ্গে বিনিয়োগে বাধা সৃষ্টিকারী উচ্চ সুদের হারের বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়মমাফিক ও বৈষম্যহীন করার ওপর জোর দিয়েছেন নতুন গভর্নর।
বাংলাদেশ ব্যাংকে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অরাজকতা বা মব কালচার প্রসঙ্গে মুখপাত্র জানান, সুশাসন প্রতিষ্ঠার অংশ হিসেবে মব কালচারের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যাংকের মানবসম্পদ নীতিমালা অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনএন/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬









