‘ঢাকা আজাদী’ কর্মসূচির ঘোষণা দিলেন এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ‘ঢাকা আজাদী’ শিরোনামে নতুন একটি রাজনৈতিক প্রচারণা কর্মসূচির ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেন।
ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী উল্লেখ করেন যে, তাদের আগামী দিনের প্রচারণার মূল উপজীব্য হবে ‘ঢাকা আজাদী’। কর্মসূচির কর্মপরিকল্পনা সম্পর্কে তিনি জানান, সংগঠনের নেতাকর্মীরা ঢাকা মহানগরের প্রতিটি ওয়ার্ডে গিয়ে সাধারণ মানুষের কথা শুনবেন। সমাজকে সুসংগঠিত করার পাশাপাশি দুর্নীতি, অন্যায় ও অব্যবস্থাপনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশের সুন্দর ভবিষ্যতের জন্য ঢাকা জেগে উঠবে উল্লেখ করে তিনি স্লোগান দেন, ‘ঢাকা উইল বি আজাদ’। ওই পোস্টে ‘#DhakaAzadi’ হ্যাশট্যাগ ব্যবহারের পাশাপাশি ‘আজাদি যাত্রা’ অনুসরণ করার জন্যও দলীয় কর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানানো হয়।
এস এম/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬









