জাতীয়

৫ মার্চের মধ্যে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও ভিসা প্রক্রিয়া সম্পন্নের নির্দেশ

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – আগামী ৫ মার্চের মধ্যে সব হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা, টিকা গ্রহণ এবং গ্রুপিং সম্পন্ন করে ভিসা প্রক্রিয়া শেষ করার নির্দেশনা দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এই লক্ষ্যে গত বুধবার ৩০টি হজ এজেন্সির কাছে চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সময়সীমা অনুযায়ী আগামী ২০ মার্চের মধ্যে হজযাত্রীদের ভিসা প্রক্রিয়াকরণ শেষ করতে হবে।

ভিসা আবেদনের পূর্বেই স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে ফিটনেস সনদ ও টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। চিঠিতে আরও জানানো হয়, হজযাত্রীদের গ্রুপ তৈরি এবং গ্রুপ প্রসেসকরণসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে ভিসা পেতে সাধারণত ৫ থেকে ১০ দিন সময় লাগতে পারে। এ ছাড়া সার্ভার বা কারিগরি কোনো জটিলতা দেখা দিলে এর চেয়েও বেশি সময়ের প্রয়োজন হতে পারে।

আগামী ২০ মার্চের কাছাকাছি সময়ে ঈদুল ফিতরের ছুটি থাকায় বাংলাদেশ ও সৌদি আরব উভয় প্রান্তেই সংশ্লিষ্ট সরকারি অফিসগুলো বন্ধ থাকবে। ফলে ২০ মার্চের অনেক আগেই পর্যাপ্ত সময় হাতে রেখে স্বাস্থ্য পরীক্ষা, টিকা প্রদান ও ভিসা প্রক্রিয়াকরণ সম্পন্ন করা জরুরি। চিঠিতে এখন পর্যন্ত অনেক এজেন্সির হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা না করানোর বিষয়টিও তুলে ধরা হয়েছে। তাই আগামী ৫ মার্চের মধ্যে সব কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সব এজেন্সি মালিক ও ব্যবস্থাপকদের অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

এস এম/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language