রাজশাহী রেঞ্জে জামিন পাওয়া প্রভাবশালী নেতাদের ‘শ্যোন অ্যারেস্ট’ করার নির্দেশ

রাজশাহী, ২৬ ফেব্রুয়ারি – রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ শাহজাহান এক বিশেষ নির্দেশনায় জানিয়েছেন যে নিষিদ্ধ বা স্থগিত সংগঠনের প্রভাবশালী নেতাকর্মীদের আদালত থেকে জামিন পাওয়ার পর অন্য মামলায় গ্রেপ্তার বা শ্যোন অ্যারেস্ট দেখাতে হবে। মঙ্গলবার রাজশাহী রেঞ্জের আওতাধীন আট জেলার পুলিশ সুপারদের কাছে এই নির্দেশনা সম্বলিত চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, যেসব নেতা বা কর্মী জামিনে মুক্তি পেলে দলকে সংগঠিত করতে বা মাঠপর্যায়ে তৎপরতা চালাতে সক্ষম তাদের মুক্তির পরপরই অন্য মামলায় আটক দেখাতে হবে। তবে যাদের এমন সক্ষমতা বা প্রভাব নেই তাদের ক্ষেত্রে আপাতত এই গ্রেপ্তারের নির্দেশনা প্রযোজ্য হবে না। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলার পুলিশ সুপারদের এই বার্তা দেওয়া হয়েছে। চিঠিতে সরাসরি আওয়ামী লীগের নাম উল্লেখ না থাকলেও কার্যক্রম নিষিদ্ধ বা স্থগিত ফ্যাসিস্ট সংগঠনের কথা বলা হয়েছে।
এ বিষয়ে ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানান এটি পুলিশের একান্তই অভ্যন্তরীণ বিষয় এবং আইনশৃঙ্খলার অবনতি রোধে আগাম সতর্কবার্তা। তিনি দাবি করেন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের আওতায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এটি কোনো রুটিন ওয়ার্ক নয় বরং পরিস্থিতির প্রয়োজনে দেওয়া বিশেষ নির্দেশনা।
এসএএস/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬









