জাতীয়

‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্যে আজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – ‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্য ধারণ করে আজ থেকে শুরু হচ্ছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা।

আজ দুপুর ২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এবারের মেলায় মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে যার মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠান স্টল বরাদ্দ পেয়েছে। মেলায় মোট ইউনিটের সংখ্যা ১ হাজার ১৮টি। গত বছর অবশ্য ৭০৮টি প্রতিষ্ঠান অংশ নিয়েছিল এবং ইউনিট ছিল ১ হাজার ৮৪টি।

সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চসংলগ্ন গাছতলায় লিটল ম্যাগাজিন চত্বর এবং শিশুচত্বরে ৬৩টি প্রতিষ্ঠানের কার্যক্রম থাকবে।

মেলায় আগত দর্শনার্থীদের সুবিধার্থে মেট্রোরেল স্টেশনের অবস্থানের কারণে বাহিরপথ মন্দির গেটের কাছে স্থানান্তর করা হয়েছে। এছাড়া টিএসসি, দোয়েল চত্বর, এমআরটি বেসিং প্লান্ট ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অংশে চারটি প্রবেশ ও বাহিরপথ রাখা হয়েছে।

বইমেলায় বাংলা একাডেমি ও অংশগ্রহণকারী অন্যান্য প্রতিষ্ঠান ২৫ শতাংশ কমিশনে বই বিক্রি করবে।

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যান অংশে তারাবি নামাজের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

আজ থেকে আগামী ১৫ মার্চ পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

এনএন/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language