মশার উপদ্রব কমাতে ওষুধের কার্যকারিতা যাচাইসহ সরকারের নানামুখী উদ্যোগ

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি – মশার যন্ত্রণা থেকে নগরবাসীকে মুক্ত করতে সরকার ইতিমধ্যে নানা পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার রাজধানীর ধলপুর এলাকায় দক্ষিণ সিটি করপোরেশন পরিচালিত মশক নিধন কার্যক্রম ও ব্যবহৃত ওষুধের কার্যকারিতা পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। মন্ত্রী স্বীকার করেন যে মশার উপদ্রব বর্তমানে ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে এবং নগরবাসীকে এই সমস্যা থেকে দ্রুত স্বস্তি দিতে সরকার কাজ শুরু করে দিয়েছে।
তিনি উল্লেখ করেন যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের মাত্র সাত দিন অতিক্রান্ত করেছে এবং শপথ নেওয়ার পরপরই মশা নিধনে কার্যক্রম শুরু করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী আরও জানান যে দায়িত্ব গ্রহণের পর থেকেই মশা নিধনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে তার মন্ত্রণালয়।
এই লক্ষ্যে আমদানি করা ওষুধের একাধিক নমুনা সংগ্রহ করা হয়েছে এবং সেগুলোর কার্যকারিতা দ্রুত পরীক্ষা করে দেখা হবে। পরীক্ষায় ওষুধের কার্যকারিতা সন্তোষজনক না হলে তাৎক্ষণিকভাবে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেন। তিনি আশা প্রকাশ করেন যে বর্তমানে ব্যবহৃত ওষুধ কার্যকর হবে এবং মশক নিধন কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই বাস্তবায়ন করা হচ্ছে।
বিশেষ করে ডেঙ্গু মোকাবিলায় সরকার সবচেয়ে বেশি জোর দিচ্ছে। সরকারি উদ্যোগের পাশাপাশি জনসাধারণের সহযোগিতাও অত্যন্ত জরুরি বলে তিনি মন্তব্য করেন। আবাসিক এলাকায় যেখানে পানি জমে থাকে সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখা এবং বিশেষ নজর দেওয়ার মাধ্যমে নগরবাসীকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান মন্ত্রী।
এ এম/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬









