সাভারে গভীর রাতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র ও মাদকসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

সাভার, ২৫ ফেব্রুয়ারি – সাভারের বাসস্ট্যান্ড এলাকায় গভীর রাতে ঝটিকা অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ছিনতাইয়ের সরঞ্জাম উদ্ধার করা হয়।
বুধবার দুপুরে সাভার আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন জাহাঙ্গীর আলম, রিপন মিয়া, মো. শাহিন ইসলাম এবং মো. রাসেল। বিজ্ঞপ্তিতে জানানো হয় যে দীর্ঘ দিন ধরেই সাভার বাসস্ট্যান্ড এলাকায় রাতের আঁধারে অপরাধীদের দৌরাত্ম্য বৃদ্ধি পাচ্ছিল এবং বিশেষ করে শ্রমজীবী ও দূরপাল্লার যাত্রীরা এই চক্রের কাছে জিম্মি হয়ে পড়েছিলেন।
তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই ও প্রকাশ্য মাদক কারবারের মাধ্যমে এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে সাভার আর্মি ক্যাম্পের নিয়মিত টহল দল দায়িত্ব পালনকালে একদল ছিনতাইকারীকে পথচারীদের ঘিরে ধরার চেষ্টা করতে দেখে।
তাৎক্ষণিকভাবে সেনাসদস্যরা ছিনতাইকারীদের ধাওয়া করে ঘটনাস্থল থেকে দুইজনকে হাতেনাতে আটক করে এবং পরবর্তীতে আশপাশের এলাকায় চিরুনি অভিযান চালিয়ে তাদের আরও দুই সহযোগীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারের সময় তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন, গাঁজা, মদ, ছিনতাইয়ে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র এবং নগদ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে সাভারের বিভিন্ন স্থানে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। অভিযান শেষে আটক ব্যক্তি ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর এমন পদক্ষেপে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন। জননিরাপত্তা নিশ্চিত করতে সাভার আর্মি ক্যাম্পের পক্ষ থেকে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
এ এম/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬









