ক্রিকেট

ভেন্যু জটিলতার মধ্যেই সেমিফাইনাল ও ফাইনালের টিকিট বিক্রি শুরু আইসিসির

ইসলামাবাদ, ২৫ ফেব্রুয়ারি – টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট পর্বের ভেন্যু নিয়ে চরম অনিশ্চয়তার মাঝেই সেমিফাইনাল ও ফাইনালের টিকিট বিক্রি শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে অনলাইনে এই টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়।

তবে ক্রিকেটপ্রেমীদের মধ্যে বিভ্রান্তি বাড়িয়ে কলকাতা, মুম্বাই, আহমেদাবাদ ও কলম্বো এই চার শহরের জন্যই টিকিট ছাড়া হয়েছে। সূচি অনুযায়ী কেবল মুম্বাইয়ে দ্বিতীয় সেমিফাইনাল হওয়া নিয়ে আপাতত কোনো সংশয় নেই। প্রাথমিক সূচিতে কলকাতা ও মুম্বাইয়ে দুটি সেমিফাইনাল এবং আহমেদাবাদে ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পাকিস্তান সেমিফাইনাল বা ফাইনালে উঠলে তাদের ম্যাচগুলো কলম্বোয় সরিয়ে নেওয়া হতে পারে। এমনকি পাকিস্তান ফাইনালে উঠলে আহমেদাবাদ থেকেও ম্যাচ সরানোর সম্ভাবনা রয়েছে।

নিরাপত্তা বা রাজনৈতিক কারণে ভারতের মাটিতে পাকিস্তান দলের খেলা নিয়ে জটিলতা থাকায় এই পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়া টুর্নামেন্টের অন্যতম আয়োজক শ্রীলঙ্কা যদি সেমিফাইনালে ওঠে, তবে দাসুন শানাকার দলকেও ঘরের মাঠে খেলার সুযোগ দেওয়া হবে। সেক্ষেত্রে কলকাতার নির্ধারিত সেমিফাইনালটি কলম্বোয় আয়োজন করা হবে। ফলে কলকাতার ভেন্যু নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মূলত টুর্নামেন্টের শেষ তিন ম্যাচের চূড়ান্ত ভেন্যু নির্ভর করছে সেমিফাইনালিস্টদের তালিকার ওপর। কোন দল শেষ চারে জায়গা করে নেয়, তা নিশ্চিত হওয়ার পরেই ভেন্যু চূড়ান্ত হবে। এমন অস্পষ্ট পরিস্থিতির মধ্যেই টিকিট বিক্রি শুরু হওয়ায় সাধারণ দর্শকদের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

এস এম/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language