জাতীয়

বইমেলায় মবের আশঙ্কা নেই, ৩০০ সিসি ক্যামেরায় বিশেষ নিরাপত্তা: ডিএমপি

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি – অমর একুশে বইমেলায় কোনো ধরনের মবের আশঙ্কা নেই, তবুও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার। বুধবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন ও প্রস্তুতি বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নিরাপত্তা পরিকল্পনার বিস্তারিত তুলে ধরে মো. সরওয়ার জানান, মেলা প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় সার্বক্ষণিক নজরদারির জন্য প্রায় ৩০০টি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হয়েছে। পোশাকি পুলিশের পাশাপাশি পুরো এলাকাজুড়ে সাদা পোশাকের বিশেষ পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। দর্শনার্থী হিসেবে আসা নারী ও শিশুদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এছাড়া যেকোনো অনাকাঙ্ক্ষিত বা জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য পুলিশের বিশেষায়িত সোয়াট টিম সার্বক্ষণিকভাবে প্রস্তুত থাকবে।

অতিরিক্ত পুলিশ কমিশনার আরও উল্লেখ করেন, সাপ্তাহিক ছুটির দিনগুলোতে দর্শনার্থীদের ভিড় বাড়ার বিষয়টি মাথায় রেখে ওই দিনগুলোর জন্য বিশেষ নিরাপত্তা ছক সাজানো হয়েছে। নিরাপত্তার পাশাপাশি মেলা প্রাঙ্গণের পরিচ্ছন্নতা এবং আগতদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতেও সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। প্রসঙ্গত, আগামী ২৬ ফেব্রুয়ারি এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের মেলা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত।

এস এম/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language