৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল সেনাবাহিনীর মনোবল ভাঙার জন্য

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি – সেনাবাহিনীর মনোবল ভাঙতেই ৫৭ জন কর্মকর্তাকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানানোর সময় তিনি এ মন্তব্য করেন। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষ্যে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
মন্ত্রী বলেন, ২০০৯ সালের এই দিনে বিডিআরের চৌকস ৫৭ সেনা কর্মকর্তাসহ প্রায় ৭২ জন কর্মকর্তা-কর্মচারীকে হত্যা করা হয়। এই দিনটি আমাদের জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক ও কলঙ্কজনক একটি অধ্যায়। সেই দিনে বাংলাদেশের পুরো নিরাপত্তা ব্যবস্থাকে ভাঙার গভীর চক্রান্ত করা হয়েছিল। একই সঙ্গে ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করে সেনাবাহিনীর মনোবল ভাঙার চেষ্টা করা হয়েছিল। কিন্তু স্বাধীনতার সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার জন্য দেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে।
মন্ত্রী আরও বলেন, নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে স্বাধীনতার সার্বভৌমত্বকে সুসংহত করা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করার বড় সুযোগ পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। অতীতের মতো দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করাই আমাদের মূল লক্ষ্য। পাশাপাশি এই জঘন্য হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করাও আমাদের দায়িত্ব।
শেষে তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
এনএন/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬









