জাতীয়

১০ মার্চ চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, প্রতি মাসে মিলবে নগদ অর্থ সহায়তা

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি – আগামী ১০ মার্চ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি। প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির উদ্বোধন করবেন। প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলায় পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু করা হচ্ছে। এই কার্ডের আওতায় নির্বাচিত পরিবারগুলোকে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয় ইতোমধ্যে ‘ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন গাইডলাইন-২০২৬’ নামে একটি খসড়া নীতিমালা প্রস্তুত করেছে। খুব শিগগিরই এটি প্রজ্ঞাপন আকারে জারি করা হবে। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো ব্যক্তিকে নয়, বরং পরিবারকে উন্নয়নের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করা। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। কার্ড পাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু মানদণ্ড নির্ধারণ করা হয়েছে।

ভূমিহীন ও গৃহহীন পরিবার, প্রতিবন্ধী সদস্য রয়েছেন এমন পরিবার, হিজড়া, বেদে ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মতো অনগ্রসর জনগোষ্ঠী এবং আধা একর বা তার কম জমির মালিকদের অগ্রাধিকার তালিকায় রাখা হয়েছে। তবে সরকারি চাকরিজীবী, সরকারি পেনশনের সুবিধাভোগী, বাড়িতে এসি বা বিলাসবহুল গাড়ি রয়েছে এমন পরিবার এবং বড় ব্যবসায়ীরা এই তালিকার বাইরে থাকবেন। স্বচ্ছতা নিশ্চিত করতে জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে একটি কেন্দ্রীয় ডেটাবেস তৈরি করা হচ্ছে, যেখানে প্রতিটি পরিবারের তথ্য সংরক্ষিত থাকবে।

প্রতি পরিবার থেকে কেবল একটি কার্ড ইস্যু করা হবে এবং সহায়তার অর্থ সরাসরি পরিবারের নারী সদস্য বা গৃহকর্ত্রীর হাতে তুলে দেওয়া হবে, যা নারীর ক্ষমতায়নেও ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, নির্বাচনী ইশতেহার মেনেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ঈদের আগেই প্রাথমিক পর্যায়ে কার্ড বিতরণ শুরু হবে এবং পর্যায়ক্রমে এর পরিধি ও সহায়তার পরিমাণ বাড়ানো হবে। পাইলট প্রকল্প শেষে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা কাউন্সিলর কার্যালয় এবং নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে।

এসএএস/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language