বুধবার দুপুরে প্রকাশ হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল বুধবার দুপুর ১টায় প্রকাশ করা হবে। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।
তিনি জানিয়েছেন ফল প্রকাশের যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং নির্ধারিত সময়েই শিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করবে। এ বছর ট্যালেন্টপুল ও সাধারণ এই দুই ক্যাটাগরিতে মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। বোর্ডভিত্তিক আনুপাতিক হারের পাশাপাশি উপজেলা পর্যায়েও নির্দিষ্ট কোটা বজায় রেখে নীতিমালা অনুযায়ী নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে এই বৃত্তি বণ্টন করা হবে।
উল্লেখ্য গত বছরের ২৮ ডিসেম্বর সারাদেশে একযোগে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয়েছিল। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত এই পরীক্ষায় প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং দেশের ৬১১টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার সূচি অনুযায়ী প্রথম দিন বাংলা ২৯ ডিসেম্বর ইংরেজি এবং ৩০ ডিসেম্বর গণিত বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছিল। তবে ৩১ ডিসেম্বরের নির্ধারিত বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষাটি অনিবার্য কারণে স্থগিত করা হয় যা পরবর্তীতে ৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে।
এস এম/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬









