জাতীয়

সাবেক র‍্যাব ডিজি হারুন ও তাঁর স্ত্রীর ১০ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সাবেক মহাপরিচালক (ডিজি) ব্যারিস্টার মো. হারুন অর রশিদ এবং তাঁর স্ত্রী ফাতেহা পারভীন লুনার নামে থাকা ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। জব্দ করা এসব ব্যাংক হিসাবে মোট ৭৩ লাখ ৫০ হাজার টাকা গচ্ছিত রয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ প্রদান করেন। আদালতের সংশ্লিষ্ট বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন আদালতে দুদকের পক্ষে আবেদনটি করেন সংস্থাটির উপসহকারী পরিচালক মো. ইমরান আকন। দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে যে সাবেক র‍্যাব প্রধান হারুন অর রশিদের বিরুদ্ধে প্রায় এক হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ বর্তমানে অনুসন্ধান পর্যায়ে রয়েছে।

এই অভিযোগ তদন্তের জন্য ইতিমধ্যেই অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে প্রাপ্ত নথিপত্র পর্যালোচনা করে হারুন অর রশিদ এবং তাঁর স্ত্রীর নামে বিপুল পরিমাণ অস্থাবর সম্পদের সন্ধান পাওয়া গেছে। তবে এসব সম্পদের বিপরীতে তাঁদের আয়ের কোনো সন্তোষজনক বা বৈধ উৎস পাওয়া যায়নি। আদালতে জমা দেওয়া আবেদনে আরও বলা হয়, গোপন সূত্রে জানা গেছে অভিযুক্তরা তাঁদের অস্থাবর সম্পত্তি অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছেন। এসব সম্পদ স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই তদন্তের স্বার্থে ও রাষ্ট্রের ক্ষতি এড়াতে তাঁদের নামে অর্জিত এসব অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা জরুরি।

এস এম/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language