ডিএমপির ডিসি মাসুদের বিচার দাবিতে শাহবাগ থানা ঘেরাও ঢাবি শিক্ষার্থীদের

শাহবাগ থানা, ২৪ ফেব্রুয়ারি – ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে শাহবাগ থানা ঘেরাও করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২৯তম ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর কথিত পুলিশি হামলার প্রতিবাদে মঙ্গলবার দুপুর ১টার পর থেকে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করছেন। জানা গেছে, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন এবং হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন।
শিক্ষার্থীদের অভিযোগ অনুযায়ী সোমবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে কোনো অপরাধ ছাড়াই ওই শিক্ষার্থীর ওপর পুলিশ অতর্কিত হামলা চালায়। রাস্তাঘাটে বিনা কারণে সাধারণ মানুষের ওপর পুলিশের এমন আচরণ গ্রহণযোগ্য নয় বলে ক্ষোভ প্রকাশ করেন তারা।
এ সময় শিক্ষার্থীরা তিনটি মূল দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো ডিসি মাসুদসহ হামলায় জড়িত সকল পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা এবং বিশ্ববিদ্যালয় এলাকার ভেতরে ও বাইরে অযাচিত পুলিশিং বন্ধ করা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর সার্বক্ষণিক নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করার দাবিও জানান আন্দোলনকারীরা।
এ এম/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬









