বিজ্ঞান ও প্রযুক্তি

ওয়াই-ফাইয়ের গতি কম? রাউটার রাখার সঠিক স্থান ও কৌশল জানুন

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – বাসাবাড়িতে ব্রডব্যান্ড সংযোগ থাকা সত্ত্বেও অনেক সময় ইন্টারনেটের কাঙ্ক্ষিত গতি পাওয়া যায় না। এই ধীরগতির অন্যতম প্রধান কারণ হতে পারে ওয়াই-ফাই রাউটারের ভুল অবস্থান। রাউটার থেকে স্মার্ট ডিভাইসের দূরত্ব যত বাড়ে, সিগন্যাল বা নেটওয়ার্ক তত দুর্বল হতে থাকে। ফলে ভিডিও স্ট্রিমিং, অনলাইন গেম খেলা বা ভিডিও কনফারেন্সের মতো জরুরি কাজগুলো বিঘ্নিত হয়। অনেকের ধারণা, কেবল ভালো মানের রাউটার চালু করলেই সর্বোচ্চ গতির ইন্টারনেট নিশ্চিত করা যায়।

তবে তারহীন সংযোগের ক্ষেত্রে বিষয়টি এত সরল নয়। ওয়াই-ফাই সিগন্যাল বাতাসের মাধ্যমে প্রবাহিত হয় এবং দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে এর শক্তি কমতে থাকে। তাই ঘরের এমন স্থানে রাউটার স্থাপন করা জরুরি, যেখান থেকে ব্যবহৃত সব ডিভাইসে সহজে সিগন্যাল পৌঁছাতে পারে। দেয়াল, মেঝে ও ভারী আসবাবপত্র সিগন্যাল প্রবাহে বড় বাধা হিসেবে কাজ করে। রাউটার ও ডিভাইসের মাঝখানে যত বেশি কঠিন বস্তু থাকবে, সংযোগ ততটাই দুর্বল হবে। বিশেষ করে এক তলা থেকে অন্য তলায় বা দূরের কোনো ঘরে ইন্টারনেট ব্যবহার করলে গতির তারতম্য স্পষ্ট বোঝা যায়।

এছাড়া ফ্রিজ, টিভি বা অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রের আড়ালে রাউটার লুকিয়ে রাখলে সিগন্যাল বাধাগ্রস্ত হয়। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এই সমস্যা সমাধানে রাউটারটি ঘরের মাঝামাঝি কোনো উঁচুর স্থানে রাখা সবচেয়ে কার্যকর। এতে পুরো বাড়িতে সমানভাবে নেটওয়ার্ক ছড়িয়ে পড়ে। বড় আয়তনের বাসা বা অফিসের ক্ষেত্রে ওয়াই-ফাই এক্সটেন্ডার বা রিপিটার ব্যবহার করে প্রতিটি কোণে ভালো গতি নিশ্চিত করা সম্ভব।

এস এম/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language