সিটি করপোরেশনে রাজনৈতিক প্রশাসক নিয়োগের ব্যাখ্যা দিলেন মির্জা ফখরুল

সচিবালয়, ২৪ ফেব্রুয়ারি – দেশের ছয়টি সিটি করপোরেশনে দলীয় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এ প্রসঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সরকারি কর্মকর্তাদের তুলনায় রাজনৈতিক প্রশাসকরা সিটি করপোরেশনের কাজ আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করতে পারবেন।
কারণ রাজনৈতিক ব্যক্তিত্বরা সাধারণ জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকেন। অকার্যকর হয়ে পড়া স্থানীয় সরকার ব্যবস্থাকে পুনরায় সচল ও গতিশীল করতেই সিটি করপোরেশনগুলোতে রাজনৈতিক প্রশাসক বসানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে নবনিযুক্ত প্রশাসকরা যোগদান করতে এলে নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এই ব্যাখ্যা দেন। স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে কি না, এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, এই সিদ্ধান্ত জাতীয় সংসদে নেওয়া হবে। তিনি আরও বলেন, সিটি করপোরেশনগুলোতে এতদিন সরকারি কর্মকর্তারা দায়িত্বে ছিলেন।
তবে সরকার মনে করছে, সেখানে রাজনৈতিক ব্যক্তিরা দায়িত্ব পালন করলে জনগণ আরও উন্নত ও দ্রুত সেবা পাবে। এই বিশ্বাস থেকেই রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যার ফলে জনগণের সঙ্গে প্রশাসনের সম্পৃক্ততা বৃদ্ধি পাবে। নির্বাচন প্রসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী জানান, যেসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হয়ে গেছে, সেগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন শুরু হবে।
ঢাকার আগেই দুটি সিটি করপোরেশনে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে, নবনিযুক্ত ছয় প্রশাসক মশা নিধন, যানজট নিরসন এবং সড়ক মেরামতসহ জনদুর্ভোগ লাঘবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তারা জানিয়েছেন, জনগণের সেবা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য এবং দ্রুত কাজ শুরু করার জন্য তারা ৬০ দিনের বিশেষ কর্মসূচি গ্রহণ করবেন।
এ এম/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬









