শিক্ষা

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল চলতি সপ্তাহে, ৪৫ হাজার শিক্ষার্থী পাচ্ছে সুবিধা

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল চলতি সপ্তাহেই প্রকাশিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এবার সারা দেশে মোট ৪৫ হাজার ২০০ জন শিক্ষার্থীকে এই বৃত্তির আওতায় আনা হবে। ট্যালেন্টপুল এবং সাধারণ, এই দুই ক্যাটাগরিতে বোর্ডভিত্তিক কোটা অনুযায়ী এই বৃত্তি বণ্টন করা হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) সূত্রে জানা গেছে, ফলাফল প্রকাশের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। মাউশির পরিকল্পনা ও উন্নয়ন উইংয়ের সহকারী পরিচালক কামরুন নাহার গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী বুধবার বা ২৫ ফেব্রুয়ারি এই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। সরকারি নীতিমালা অনুযায়ী, ট্যালেন্টপুল বা মেধা তালিকায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বছরে এককালীন ৫৬০ টাকা এবং প্রতি মাসে ৪৫০ টাকা করে পাবে।

অন্যদিকে, সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা বছরে এককালীন ৩৫০ টাকা এবং মাসে ৩০০ টাকা হারে অর্থ সহায়তা পাবে। এই আর্থিক সুবিধা পরবর্তী দুই বছর পর্যন্ত প্রদান করা হবে। উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এতে অষ্টম শ্রেণি উত্তীর্ণ ৩ লাখ ১৫ হাজার ১৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বর্তমানে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ফলাফল চূড়ান্ত করার কাজ করছে।

এস এম/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language