মাদক সম্রাট এল মেনচোর মৃত্যুতে মেক্সিকোয় সহিংসতা, নিহত ২৫ ন্যাশনাল গার্ড

মেক্সিকো সিটি, ২৪ ফেব্রুয়ারি – মেক্সিকোর শীর্ষ তালিকাভুক্ত মাদক সম্রাট নেমেসিও ওসেগুয়েরা কার্ভান্তেস ওরফে ‘এল মেনচো’ নিহত হওয়ার পর দেশজুড়ে ছড়িয়ে পড়া সহিংসতায় ন্যাশনাল গার্ডের অন্তত ২৫ জন সদস্য প্রাণ হারিয়েছেন। মেক্সিকোর নিরাপত্তামন্ত্রী সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন।
গত রোববার মেক্সিকান বিশেষ বাহিনীর হাতে আটক হওয়ার কিছুক্ষণ পরই হেফাজতে থাকা অবস্থায় এল মেনচোর মৃত্যু হয়। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মেক্সিকোর অন্তত ২০টি রাজ্যে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশটির পশ্চিমাঞ্চলে অতিরিক্ত ২ হাজার ৫০০ সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রিকার্ডো ট্রেভিলা।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, অভিযানে এল মেনচোর ছয় দেহরক্ষী নিহত এবং সামরিক বাহিনীর তিনজন সদস্য আহত হয়েছেন। এছাড়া সহিংসতার ঘটনায় একজন কারারক্ষী, রাষ্ট্রপক্ষের কৌঁসুলি কার্যালয়ের এক সদস্য এবং এল মেনচোর অপরাধী চক্রের অন্তত ৩০ জন সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এল মেনচোর নেতৃত্বাধীন ‘জালিসকো নিউ জেনারেশন কার্টেল’ দেশটির অন্যতম ভয়ঙ্কর অপরাধী সংগঠন। তাদের নেতার মৃত্যুর প্রতিবাদে কার্টেল সদস্যরা বিভিন্ন শহরে তাণ্ডব চালিয়ে রাস্তায় পেরেক ছড়িয়ে এবং বাস ও অন্যান্য যানবাহনে অগ্নিসংযোগ করে রাস্তা অবরোধ করে। অনেক শহরে ব্যাংক ও স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানেও আগুন দেওয়া হয়েছে। সহিংসতার আতঙ্কে রোববার অনেক শহরের রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়ে এবং বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার নির্দেশ দেয় স্থানীয় কর্তৃপক্ষ।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম এই অভিযানের জন্য সেনাবাহিনীর প্রশংসা করেছেন। তিনি বলেন, তার প্রধান লক্ষ্য হলো দেশজুড়ে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। শেইনবাউম আশ্বস্ত করে বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে এবং দেশে সরকার ও সশস্ত্র বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। সোমবার সকালের মধ্যে বেশিরভাগ সড়ক অবরোধ সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এনএন/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬









