ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়ার ঘোষণা ইশরাক ও আসিফ মাহমুদের

ঢাকা দক্ষিণ, ২৩ ফেব্রুয়ারি – ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের বর্তমান প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
পোস্টে তিনি উল্লেখ করেন যে আল্লাহর রহমতে তিনি ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করবেন। এদিকে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও একই পদে লড়ার ঘোষণা দিয়েছেন। রবিবার রাতে দলীয় সূত্রে তার প্রার্থিতার বিষয়টি জানা যায়। ফলে আসন্ন নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে ইশরাক হোসেন ও আসিফ মাহমুদের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।
ইশরাক হোসেন বর্তমানে প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন। সেই নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল মান্নান। উল্লেখ্য যে ২০২২ সালের একটি আদেশ অনুযায়ী ঢাকার মেয়র পদটি মন্ত্রীর পদমর্যাদার সমতুল্য।
এস এম/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬









