হাজারীবাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের ৪ জন দগ্ধ

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি – রাজধানীর হাজারীবাগ থানার রায়েরবাজার এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ চারজন সদস্য আগুনে দগ্ধ হয়েছেন। রবিবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে জাহানারা ভিলার ছয়তলা ভবনের নিচতলায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন শেখ নোমান, তার স্ত্রী পিংকি আক্তার, তাদের তিন বছরের সন্তান রোহান এবং নোমানের শ্যালক অপু।
সোমবার ভোর সাড়ে ৫টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। উদ্ধারকারী মো. মামুন জানান, রাতে হঠাৎ গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে আগুন ধরে যায় এবং তারা দগ্ধ হন। দগ্ধ শেখ নোমানের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার খালিয়াজুরী থানার মোহাম্মদপুর এলাকায়। তিনি পরিবার নিয়ে রায়েরবাজারের ওই ভাড়াবাসায় বসবাস করতেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে শেখ নোমান ৭০ শতাংশ, পিংকি আক্তার ৭৫ শতাংশ, শিশু রোহান ৩৫ শতাংশ এবং অপু ৫০ শতাংশ দগ্ধ হয়েছেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
এস এম/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬









