সাবেক স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ পাকিস্তানি মডেলের

ইসলামাবাদ, ২৩ ফেব্রুয়ারি – পাকিস্তানি মডেল ইকরা নাসির সিদ্দিকি তার সাবেক স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে ভয়াবহ শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছেন। এ ঘটনায় তিনি ইতিমধ্যেই আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন। ইকরা জানান, গত ১১ ফেব্রুয়ারি তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
অভিযোগ অনুযায়ী, তার সাবেক স্বামী তাকে মারধর করেন এবং ছুরি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি দণ্ডবিধির ৩৫৪ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করেছেন। নির্যাতনের ভয়াবহতা তুলে ধরতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্ষতবিক্ষত শরীরের ছবি প্রকাশ করেছেন এই মডেল।
একইসাথে মামলার নথিপত্রও শেয়ার করেছেন তিনি। একটি আবেগঘন পোস্টে ইকরা বলেন, দীর্ঘ সময় চুপ থাকার পর তিনি মুখ খোলার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি মন্তব্য করেন, নীরবতা কেবল নির্যাতনকারীকেই সুরক্ষা দেয়, ভুক্তভোগীকে নয়। বর্তমানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন। সেই সঙ্গে সব নারীর নিরাপত্তা কামনা করে নির্যাতনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান ইকরা।
এস এম/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬









